অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

সংসদে লিখিত বক্তব্য না দেওয়ার পরামর্শ স্পিকারের

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ১৫ই মার্চ ২০২৬, ১০:০৫ পিএম

সংসদে লিখিত বক্তব্য না দেওয়ার পরামর্শ স্পিকারের

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

সংসদের বৈঠকে লিখিত বক্তব্য দেওয়া অনুমোদিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার সংসদের বৈঠকে একাধিক সংসদ সদস্যকে তিনি এ বিষয়ে পরামর্শ দিয়ে বলেন, না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করতে হবে। 

প্রথমবারের মতো সংসদে আসা জামায়াতের সদস্য মাসুদ সাঈদী ও ইসলামী আন্দোলনের সদস্য অলি উল্লাহর উদ্দেশে স্পিকার এ মন্তব্য করেন। ভোলা-৩ আসন থেকে নির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে সদস্যদের কার্যপ্রণালি বিধিও স্মরণ করিয়ে দেন। কার্যপ্রণালি বিধি অনুযায়ী স্পিকারের অনুমতি ছাড়া লিখিত বক্তব্য পাঠের সুযোগ নেই। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সপ্তমবারের মতো সংসদে এলেও বর্তমান সংসদের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ ৭৬ শতাংশই প্রথমবারের মতো এমপি হয়েছেন।   

এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে মাসুদ সাঈদী ও অলি উল্লাহ লিখিত বক্তব্য পাঠ করেন। জামায়াত নেতা প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদীর উদ্দেশে স্পিকার বলেন, সংসদে দেখে দেখে পড়া অনুমোদিত না। আপনি নোট রাখবেন। একবার নোটের দিকে তাকিয়ে তারপর হাউসের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। এটাই আশা করি; এটাই সংসদের রেওয়াজ। 

চরমোনাইর পীরের দলের একমাত্র সদস্য অলি উল্লাহকে স্পিকার বলেন, আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে না দেখে বলার অভ্যাস করেন। এটা সংসদের রেওয়াজ। সকলের মান্য করা উচিত। 
পিরোজপুর-১ আসনের সদস্য মাসুদ সাঈদী তাঁর বক্তব্যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সব শহীদের স্মরণ করেন। তিনি দাবি করেন, তথাকথিত ক্যাঙারু ট্রাইব্যুনালে মিথ্যাচারের মাধ্যমে তাঁর পিতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকর্মীর রক্তস্নাত ত্যাগের বিনিময়ে এই সংসদে তিনি বলার সুযোগ পেয়েছেন। 

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে– এমন মন্তব্য করে তিনি বলেন, বিএনপি জুলাই সনদে বিশ্বাসী কিনা; গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল কিনা; জনগণের প্রত্যাশামতো সংবিধান সংস্কার করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করবে কিনা– এসব প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের সমালোচনা করে মাসুদ সাঈদী বলেন, জুলাই আবেগ নয়– কথাটি সত্য। কিন্তু জুলাই আবেগ; একই সঙ্গে বাস্তবতা। আবেগ বলে জুলাইকে খাটো করে রাখার সুযোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জুলাই আইনও না, অধ্যাদেশও না। কিন্তু সংবিধানের ১৫২ অনুচ্ছেদে বলা হয়েছে, সব অধ্যাদেশই আইন। এ মন্তব্যটি দায়িত্বশীল হয়নি।
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান